রাজধানী

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ দিয়ে মুখ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে এক্সপ্রেসওয়েতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির মুখ স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহটি এক্সপ্রেসওয়েতে এনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।