অর্থনীতি
সবজির দাম আকাশছোঁয়া, বাজারে কমেছে বিক্রি
রাজধানীর বাজারগুলোতে সবজির দাম বেড়েই চলেছে। প্রায় দুই মাস ধরে লাগাতার এই মূল্যবৃদ্ধিতে নাজেহাল অবস্থায় পড়েছেন সাধারণ ক্রেতারা। শুধু আলু আর কাঁচা পেঁপে ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার ঘরে ঘুরপাক খাচ্ছে। কেউ কেউ বলছেন, এসব দাম এখন আর মধ্যবিত্তের নাগালের মধ্যে নেই।
শুক্রবার (২৯ আগস্ট) ঢাকার শান্তিনগর, রামপুরা, মালিবাগসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে—সবজির দাম যেমন বেশি, তেমনি বিক্রিও কমে গেছে। ক্রেতারা পুরো কেজি তো দূরের কথা, এখন আধা কেজি বা আড়াই’শ গ্রামের বেশি কেনাও এড়িয়ে চলছেন।
শান্তিনগর বাজারে সবজি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী মাসুদ রানা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সবজির দাম এত বেশি যে বাধ্য হয়ে সামান্য পরিমাণে নিতে হচ্ছে। ঢেঁড়স, পটল, বেগুন সবই ৮০ থেকে ১০০ টাকা কেজি। শুধু আলু আর কাঁচা পেঁপে একটু কম দামে পাওয়া যাচ্ছে। এমন হলে আমাদের মতো মানুষ কীভাবে বাজার করবো?”
ব্যবসায়ীদের অবস্থাও ভালো নয়। রামপুরা বাজারের সবজি বিক্রেতা সানাউল হক গণমাধ্যমকে বলেন, “দাম বাড়লেও লাভ নেই। মানুষ কিনছে না। আগে প্রতিদিন ১৫-২০ কেজি করে যেসব সবজি আনতাম, এখন ৪-৫ কেজিও তুলতে পারি না। বেশি দামে কিনে এনে যদি বিক্রিই না হয়, তাহলে আমাদেরও তো ক্ষতি।”
মালিবাগ বাজারের বিক্রেতা মুকিদুর রহমান জানান, এখন বেশিরভাগ সবজির মৌসুম নয়। ফলে বাজারে সরবরাহ কম। তার উপর টানা বৃষ্টিতে অনেক সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পাইকারি বাজারেও দাম বেড়েছে। আগে যে দামে কিনতেন, এখন তার চেয়ে অনেক বেশি দিয়ে কিনতে হচ্ছে। ফলে খুচরা বাজারে দাম বাড়ানো ছাড়া আর উপায় থাকছে না।