অর্থনীতি
পেট্রল পাম্পে জ্বালানি সরবরাহ বাড়ালো বিপিসি
দেশের পেট্রল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন (বিপিসি)। রেশনিং পদ্ধতির আওতায় এতদিন ডিপো থেকে পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ ২৫ শতাংশ কমিয়ে দেওয়া হলেও এখন তা কমিয়ে ১৫ শতাংশে আনা হয়েছে।
বুধবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিপিসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন জ্বালানি তেল সরবরাহ ও গ্রহণ সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে। সে অনুযায়ী দেশের বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রলের গড় বিক্রয়ের ওপর আগে যে ২৫ শতাংশ হ্রাস করে সরবরাহ দেওয়া হচ্ছিল, তা এখন কমিয়ে ১৫ শতাংশ হ্রাস করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ফিলিং স্টেশনগুলোতে বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে।
বিপিসি আরও জানিয়েছে, হ্রাস করা বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে তাদের অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা, ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় দেশে দীর্ঘমেয়াদে জ্বালানি সংকট এড়াতে সরকার রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির নির্দেশ দেয়। গত রোববার থেকে পেট্রল পাম্পগুলোতে এই পদ্ধতি চালু হয়। এ পরিস্থিতিতে অনেকেই আতঙ্কিত হয়ে যানবাহনের জন্য তেল নিতে পাম্পগুলোতে ভিড় করেন, ফলে বিভিন্ন পাম্পে দীর্ঘ যানবাহনের সারি দেখা যায়।
তবে সরকারের পক্ষ থেকে বারবারই জানানো হয়েছে, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুদ রয়েছে।