অর্থনীতি

টানা পঞ্চমবার বিশ্বে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:৪৭ এএম

টানা পঞ্চমবার বিশ্বে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ
ছবিঃ সংগৃহীত

বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও শিল্প খাতের নানা চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রকাশিত ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো এই অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে দেশটি। বিশ্লেষকদের মতে, মার্কিন বাজারে চীনের ওপর নির্ভরতা কমে আসা এবং বিকল্প উৎস হিসেবে বাংলাদেশের প্রতি ক্রেতাদের আগ্রহ এ অবস্থান ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ডব্লিউটিওর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় প্রায় ২ বিলিয়ন ডলার বেশি। ফলে বৈশ্বিক পোশাক রপ্তানি বাজারে বাংলাদেশের অংশীদারত্ব দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৬ শতাংশে।

তবে প্রতিবেদনে উদ্বেগের বিষয়ও উঠে এসেছে। বছরে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে মাত্র ০ দশমিক ৮৯ শতাংশ, যা বৈশ্বিক গড় প্রবৃদ্ধির তুলনায় অনেক কম। অন্যদিকে, ভিয়েতনাম ৩৭ দশমিক ৫১ বিলিয়ন ডলার রপ্তানি এবং ১০ দশমিক ৫৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশের খুব কাছাকাছি পৌঁছে গেছে। বর্তমানে বৈশ্বিক বাজারে দেশটির অংশীদারত্ব ৬ দশমিক ৫৩ শতাংশ।

অন্যদিকে, বিশ্বের শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে চীন এখনো অনেক এগিয়ে থাকলেও তাদের রপ্তানিতে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ২০২৫ সালে দেশটি ১৫৭ দশমিক ১১ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ৯২ শতাংশ কম। ফলে বৈশ্বিক বাজারে চীনের অংশীদারত্ব কমে ২৭ দশমিক ৩৫ শতাংশে নেমে এসেছে।

এ বিষয়ে বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, চীনের বাজারের আকার এত বড় যে অন্য কোনো দেশ এখনো সেই শূন্যস্থান পূরণ করতে পারেনি। তার ভাষায়, “চীনের শেয়ার এতটাই বড় যে অন্যরা সেই অনুপাতে রপ্তানি বাড়াতে পারেনি। এ কারণেই বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে। তবে প্রথম ও দ্বিতীয় অবস্থানের মধ্যে ব্যবধান এখনো অনেক বড়।”

বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে দ্বিতীয় অবস্থান ধরে রাখতে পারলেও প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা বৃদ্ধি, পণ্যের বৈচিত্র্য, শ্রম দক্ষতা উন্নয়ন এবং নতুন বাজার সম্প্রসারণে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে।