অর্থনীতি

বিশ্বে ফার্মের মুরগির মাংস উৎপাদনে শীর্ষ ৫০ দেশের মধ্যেও নেই বাংলাদেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:১২ পিএম

বিশ্বে ফার্মের মুরগির মাংস উৎপাদনে শীর্ষ ৫০ দেশের মধ্যেও নেই বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে পোলট্রি বা ফার্মের মুরগির মাংস এখন মানুষের খাদ্যতালিকায় প্রোটিনের অন্যতম প্রধান উৎস হিসেবে বিবেচিত হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে এর চাহিদা বাড়লেও বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে শীর্ষ ৫০টি দেশের তালিকায় জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। ২০২৪ সালে ২ লাখ ৩২ হাজার ৫০৭ মেট্রিক টন উৎপাদন নিয়ে ১৮৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫৩তম।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও অবস্থান সন্তোষজনক নয়। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার পর চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।

অন্যদিকে, বৈশ্বিক মুরগি উৎপাদনে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যারা আধুনিক খামার ব্যবস্থাপনা ও কঠোর জৈব নিরাপত্তা নিশ্চিত করে ২ কোটি ১৭ লাখ ৬৬ হাজার মেট্রিক টন উৎপাদন করেছে। দ্বিতীয় স্থানে থাকা চীনের উৎপাদন ১ কোটি ৬০ লাখ ৬৬ হাজার মেট্রিক টন এবং তৃতীয় স্থানে থাকা ব্রাজিল উৎপাদন করেছে ১ কোটি ৩৭ লাখ ১৪ হাজার মেট্রিক টন।

এছাড়া, রাশিয়া ও ভারত যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। শীর্ষ দশে আরও রয়েছে ইন্দোনেশিয়া, মেক্সিকো, মিশর, তুরস্ক ও জাপান।

দেশের অভ্যন্তরে পোলট্রি শিল্পের বিস্তার ঘটলেও আধুনিক প্রযুক্তির ঘাটতি, প্রশিক্ষণের অভাব এবং পোলট্রি খাদ্যের উচ্চমূল্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উৎপাদন ব্যয়ের প্রায় ৭০ শতাংশই খাদ্যের পেছনে ব্যয় হয়, যা খামারিদের জন্য বড় চাপ সৃষ্টি করছে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্ব তালিকায় এগোতে হলে পোলট্রি খাদ্যের দাম কমানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং রোগবালাই প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।