শিক্ষা
বঙ্গবন্ধু-হাসিনাসহ আ.লীগ নেতাদের নাম সরিয়ে ২২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের পুনর্নামকরণ
গত ১০ মাসে বাংলাদেশে ২২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এটি দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত সময়ে এত বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের নজির স্থাপন করেছে। নাম পরিবর্তনের এই প্রক্রিয়ায় রাজনৈতিক ও পারিবারিক পরিচয় বাদ দিয়ে স্থানীয়তা ও গণগ্রাহ্যতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
২০২৪ সালের ৩০ অক্টোবর প্রথম দফায় ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়। এরপর ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম সংশ্লিষ্ট জেলার নামে পুনঃনামকরণ করা হয়। এছাড়া ১৫ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়। ২৯ মে ৩৭ জেলার ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়।
এছাড়া ১৩ এপ্রিল ১৫টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও একটি ইঞ্জিনিয়ারিং কলেজের নাম থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দেওয়া হয়। ২৪ এপ্রিল আরও ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়। প্রাথমিক স্তরেও গত ১০ মাসে পাঁচ দফায় ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ ১৮ মে ১১টি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ কোনো ব্যক্তি কিংবা রাজনৈতিক দলকে কেন্দ্র করে হওয়া উচিত নয়। এটি হওয়া উচিত দেশের ইতিহাস, ঐতিহ্য ও ভূগোলকে ভিত্তি করে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুবাদে আওয়ামী লীগ সরকারের আমলে নানা স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ হয়েছিল দলীয় দৃষ্টিকোণ থেকে। অন্তর্বর্তী সরকারের এ উদ্যোগকে তারা দেখছেন প্রতিষ্ঠানগুলোকে ‘অরাজনৈতিকীকরণ’-এর একটি অংশ হিসেবে।
তবে অনেক বিশ্লেষক মনে করেন, এটি কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং একটি রাজনৈতিক বার্তা। এতে করে অন্তর্বর্তী সরকার নিজেদের পক্ষ থেকে ‘নিরপেক্ষতা’ এবং ‘অরাজনৈতিক রাষ্ট্র ব্যবস্থার’ পক্ষপাত প্রদর্শন করছে।
প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে টানা তিন মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার তাদের শাসনামলে বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনিক ও অবকাঠামোগত প্রতিষ্ঠানের নামকরণে একটি সুস্পষ্ট রাজনৈতিক ও পারিবারিক চিহ্ন যুক্ত করেছে। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাদের পরিবারের সদস্যদের নামে অসংখ্য স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সেতু, রাস্তা, বিমানবন্দর, স্টেডিয়াম, গবেষণা কেন্দ্র, এমনকি প্রকল্প ও ভবনের নামকরণ করা হয়।