শিক্ষা

১৬ জেলায় বন্যার আশঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:৩৯ পিএম

১৬ জেলায় বন্যার আশঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড
ছবি: সংগৃহীত

দেশের পাঁচ বিভাগের অন্তত ১৬ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বৈরি আবহাওয়ার এমন আশঙ্কায় উদ্বেগে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে কেন্দ্র সচিব, স্থানীয় প্রশাসন, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া রয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনে পরীক্ষার্থীদের কেন্দ্রের নিকটবর্তী স্থানে আনার ব্যবস্থাও রাখা হয়েছে। কোনো জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ১৬ জেলায় বন্যার পূর্বাভাসের বিষয়টি সংশ্লিষ্টরা অবগত রয়েছেন। পরিস্থিতি অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ২ জুলাই থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বৈরি আবহাওয়ার কারণে দেশের অধিকাংশ নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। ভারতের উড়িষ্যা ও সংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রধান নদ-নদীগুলো বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও সাম্প্রতিক ভারী বর্ষণে পরিস্থিতির অবনতি হতে পারে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে অতি ভারী এবং সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।