শিক্ষা
এসএসসির ফল প্রকাশ, কোন বোর্ডে পাসের হার কত
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। আর সবচেয়ে কম পাসের হার মাদ্রাসা শিক্ষা বোর্ডে, ৫৫ দশমিক ৪৯ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় নির্ধারিত ওয়েবসাইটে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের অনলাইন পোর্টাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানতে পারছেন।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ, যশোরে ৬৬ দশমিক ২৭ শতাংশ, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২ শতাংশ, রাজশাহীতে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, বরিশালে ৬০ দশমিক ৩৫ শতাংশ, চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, সিলেটে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮ দশমিক ২০ শতাংশ, দিনাজপুরে ৫৮ দশমিক ০৫ শতাংশ এবং ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হলেও ফল প্রক্রিয়াকরণে কিছু জটিলতার কারণে এবার নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বেশি সময় লেগেছে।
দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশ নেন।