বিনোদন

ছেলের বন্ধুরা আমাকে ‘দিদি’ বলে ডাকে: শ্রাবন্তী


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম

ছেলের বন্ধুরা আমাকে ‘দিদি’ বলে ডাকে: শ্রাবন্তী
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার ছেলে। ছবি: সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবারও আলোচনায় এসেছেন তার নতুন সিনেমা “দেবী চৌধুরাণী” ঘিরে। সিনেমার মুক্তি উপলক্ষে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি শেয়ার করেছেন অভিনয়, ব্যক্তিগত জীবন এবং মা-ছেলের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা দিক।

প্রশ্ন উঠেছিল—তার মধ্যেও কি একজন দেবী চৌধুরাণী আছেন? জবাবে শ্রাবন্তী বলেন, “কমবেশি সবার মধ্যেই দেবী চৌধুরাণীর গুণ আছে। পরিস্থিতিতে পড়লে যে কেউ এমন রূপ নিতে পারে। জন্মের সঙ্গে সঙ্গে কি আমরা লড়াই শিখি? না, পরিস্থিতিই আমাদের শেখায়।”

দশম শ্রেণিতে পড়ার সময় জিতের বিপরীতে “চ্যাম্পিয়ন” সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হয় তার। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কটাক্ষের শিকার হয়েছেন বহুবার। কীভাবে সামলেছেন—এমন প্রশ্নে শ্রাবন্তী জানান, “না, এখন আর গায়ে মাখি না। আমার মনে হয়, ছোট বয়সে মা হওয়ার অনেক সুবিধা আছে। যেমন, ছেলে জন্মের পাঁচ বছর পরে যখন কাজে ফিরি, তখন আমার বয়স মাত্র ২১। তবে এটাও সত্যি, ১৬ বছরটা মা হওয়ার জন্য খুব কম বয়স।”

 

srabonti-2-Dhaka Prokah News-15-09-2025.jpg
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

অভিনেত্রী জানান, সিনেমায় কাজের প্রস্তাব এলে তিনি আগে চিত্রনাট্য ছেলেকে শোনান। তার ভাষায়, “দেবী চৌধুরাণী’র চিত্রনাট্য প্রথমে ছেলেকেই শুনিয়েছিলাম। ও অবাক হয়েছিল। আসলে আমরা মা-ছেলের থেকে বেশি বন্ধু। আমাদের মধ্যে বয়সের পার্থক্য তো মাত্র ১৬ বছর! ছেলের বন্ধুরা আমার বন্ধুই। দু-একজন ছাড়া কেউ আমাকে ‘আন্টি’ বলে না, সবাই ‘দিদি’ বলেই ডাকে।”

 

srabonti-1-Dhaka Prokah News-15-09-2025.jpg
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

শ্রাবন্তী বলেন, “ছেলে ও ওর বন্ধুদের সঙ্গে মিশি বলে ওদের ভাষা, লিঙ্গসাম্য নিয়ে সচেতনতা খুব সহজেই বুঝতে পারি। আগে সামাজিক যোগাযোগমাধ্যমের এত বাড়াবাড়ি ছিল না। এখন অনেক পোর্টাল যা খুশি তাই লিখে দেয়। তাই আমি নতুনদের বলতে চাই—প্রথম কাজ ভালো না হলে মন খারাপ করবে না। বরং পরের কাজটা আরও ভালো করার দিকে মনোযোগ দিতে হবে।”