বিনোদন
নিরাপত্তা শঙ্কায় গানম্যান চাইলেন হিরো আলম
নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে এবার সরকারের কাছে ব্যক্তিগত দেহরক্ষী বা 'গানম্যান' চাইলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও রাজনৈতিক ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলম। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই দাবি জানান।
হিরো আলম জানান, আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত গণমাধ্যমে আসার পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে তিনি এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন। তার ভাষ্যমতে, "বর্তমান পরিস্থিতিতে আমার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।"
হিরো আলম জানিয়েছেন, জীবনের ঝুঁকি এড়াতে তিনি শীঘ্রই প্রধান উপদেষ্টার দফতরে একজন গানম্যান চেয়ে আনুষ্ঠানিক আবেদন করবেন।
বিষয়টি নিশ্চিত করে হিরো আলম সংবাদমাধ্যমকে জানান, আগামী নির্বাচনে তিনি ঢাকা ও বগুড়া—এই দুই জেলা থেকে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজনৈতিক দল তার সাথে যোগাযোগ করেছে। তবে তিনি কোনো নির্দিষ্ট দলে যোগ দেবেন নাকি স্বতন্ত্র হিসেবেই লড়বেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।
তিনি বলেন, "দল বড় কথা নয়, আমার মূল লক্ষ্য জনগণের সেবা করা। কিন্তু কাজ করার জন্য আগে আমার জীবন রক্ষা প্রয়োজন।"