বিনোদন

বিবাহবার্ষিকীতে নতুন লুকে চমকে দিলেন তাহসানপত্নী রোজা


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম

বিবাহবার্ষিকীতে নতুন লুকে চমকে দিলেন তাহসানপত্নী রোজা
বিবাহবার্ষিকীতে নতুন লুকে চমকে দিলেন তাহসানপত্নী রোজা। ছবি: সংগৃহীত

দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ করলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং তার সহধর্মিণী রোজা আহমেদ। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে ভালোবাসা ও আনন্দঘন আয়োজনে ভরে ওঠে এই তারকা দম্পতির বিশেষ দিনটি।

এই উপলক্ষ্যে রোজা আহমেদের ব্যতিক্রমী স্টাইল ও সাজসজ্জা ইতোমধ্যেই শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তাহসান ও রোজা।

সম্প্রতি রোজা আহমেদ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিবাহবার্ষিকীর কয়েকটি ছবি শেয়ার করেন। ছবিগুলো প্রকাশের পরপরই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া পড়ে এবং ভক্তদের মধ্যে প্রশংসার জোয়ার দেখা যায়। প্রতিবারের মতোই নিজের ফ্যাশন সেন্সে নজর কাড়লেও এবারের লুকে ছিল আলাদা মাত্রার চমক।

শেয়ার করা ছবিতে দেখা যায়, ঝলমলে সিকুইন করা বডিকন গাউনে গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন রোজা। তার স্টাইলিশ উপস্থিতি ভক্তদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অন্যদিকে, বিবাহবার্ষিকীর উদযাপনে ছিল দৃষ্টিনন্দন কেক। সাদা ক্রিমে মোড়ানো কেকটি সাজানো ছিল বড় লিলি ফুল ও মোমবাতিতে। কেকের পাশে রাখা ছিল একটি গোলাপের তোড়া। অনেক নেটিজেনের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে এমন বিশেষ সারপ্রাইজ দিয়েছেন তাহসান খান।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও রোজা আহমেদ। তাদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অল্প সময়েই ব্যাপক আলোচনায় আসে এই তারকা দম্পতি।