বিনোদন
সুন্দরী না হওয়ায় সিনেমা হাতছাড়া হয় অস্কারজয়ী অভিনেত্রীর!
একাধিক ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করলেও নিজের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সকে। সম্প্রতি জনপ্রিয় উপস্থাপক জশ হোরোউইটজের পডকাস্ট ‘হ্যাপি স্যাড কনফিউজড’-এ অংশ নিয়ে তিনি জানান, শুধু ‘যথেষ্ট সুন্দরী নন’- এমন মন্তব্যের কারণেই একটি বড় সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র তার হাতছাড়া হয়েছিল।
পডকাস্টে আলোচনার সময় জশ হোরোউইটজ উল্লেখ করেন, খ্যাতিমান পরিচালক কুইন্টিন টারান্টিনো দীর্ঘদিন ধরেই জেনিফার লরেন্সের সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন। এমনকি ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য হেটফুল এইট’ সিনেমার ডেইজি ডোমারেগু চরিত্রটি লরেন্সকে মাথায় রেখেই লেখা হয়েছিল। তবে সে সময় ‘হাঙ্গার গেমস’ সিরিজের প্রচারণায় ব্যস্ত থাকায় প্রস্তাবটি ফিরিয়ে দেন তিনি। লরেন্স স্বীকার করেন, সেটি ছিল তার জীবনের একটি ভুল সিদ্ধান্ত।
তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় ২০১৯ সালের আলোচিত সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এর শার্লন টেট চরিত্রটি। লরেন্স জানান, তিনি শুনেছিলেন যে ওই চরিত্রের জন্য তাকে বিবেচনা করা হয়নি কারণ তিনি নাকি ‘পর্যাপ্ত সুন্দরী’ নন। বিষয়টি উল্লেখ করে তিনি আক্ষেপের সুরে বলেন, “আমি শার্লন টেটের চরিত্রে অভিনয়ের জন্য যথেষ্ট সুন্দরী নই— এমন কথাই সবাই বলছিল। আর শেষ পর্যন্ত চরিত্রটি আমার হাতছাড়া হয়।”
তবে নিজের বক্তব্য নিয়েই কিছুটা সংশয় প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, “গত কয়েক বছর ধরে আমি গল্পটা এভাবেই বলে আসছি যে এখন নিজেই এটা বিশ্বাস করি। আবার এমনও হতে পারে, টারান্টিনো কখনোই আমাকে ওই চরিত্রের জন্য ভাবেননি। হয়তো ইন্টারনেটের মানুষগুলোই আমাকে কুৎসিত বলার সুযোগ খুঁজছিল।”
এই দাবির পেছনে বাস্তবতারও ইঙ্গিত পাওয়া যায়। সিনেমাটি নির্মাণের আগে শার্লন টেটের বোন ডেবরা টেট এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যম টিএমজেড-কে জানিয়েছিলেন, শার্লন টেটের চরিত্রে মার্গো রবি বেশি উপযুক্ত। তার মতে, মার্গো রবির শারীরিক গঠন ও ব্যক্তিত্ব শার্লন টেটের সঙ্গে অনেক বেশি সাদৃশ্যপূর্ণ। ডেবরা টেট স্পষ্ট ভাষায় বলেন, “জেনিফার লরেন্স শার্লনের চরিত্রে অভিনয়ের জন্য যথেষ্ট সুন্দরী নন। কথাটা শুনতে খারাপ লাগলেও আমার নিজস্ব কিছু মানদণ্ড আছে।”
অন্যদিকে নির্মাতা কুইন্টিন টারান্টিনো ২০২১ সালে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি শার্লন টেট নয়, বরং ম্যানসন পরিবারের সদস্য ‘স্কুইকি’ চরিত্রটির জন্য জেনিফার লরেন্সকে ভেবেছিলেন। এমনকি লরেন্স তার বাড়িতে গিয়ে স্ক্রিপ্টও পড়েছিলেন। তবে শেষ পর্যন্ত বিষয়টি চূড়ান্ত না হওয়ায় চরিত্রটি পান ডাকোটা ফ্যানিং।
সাক্ষাৎকারের শেষদিকে হাস্যরসের ছলে লরেন্স আরও জানান, একসময় ‘টোয়াইলাইট’ সিনেমার জন্যও তিনি অডিশন দিয়েছিলেন। সেখানে সুযোগ না পাওয়ার কারণ নিয়ে রসিকতা করে বলেন, “হয়তো তখনো আমি অনেক বেশি কুৎসিত ছিলাম!”
সূত্র: সিএনএন