বিনোদন
রাম চরণ ও উপাসনা দম্পতির কোলজুড়ে এলো যমজ সন্তান
দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও তার স্ত্রী উপাসনার জীবনে নেমে এলো এক আনন্দের অধ্যায়। যমজ সন্তানের জন্ম দিয়েছেন উপাসনা। একদিকে পুত্র, অন্যদিকে কন্যা নবজাতক দুই অতিথিকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছে পুরো পরিবার। সোশ্যাল মিডিয়ায় মেগাস্টার চিরঞ্জীবীর আবেগঘন ঘোষণায় মুহূর্তেই এই সুখবর ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে।
নিজের সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ চিরঞ্জীবী লিখেছেন, ‘অপরিসীম আনন্দ-কৃতজ্ঞতায় হৃদয়টি ভরা। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, রাম চরণ ও উপাসনা যমজ সন্তানের আশীর্বাদপুষ্ট হয়েছে। তাদের একটি শিশু পুত্র, অন্যটি কন্যা। নবজাতকরা ও মা উভয়ই সুস্থ আছেন।’
ধন্যবাদ জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘দাদা-দাদি হিসেবে পরিবারে এই ছোট বাচ্চাদের স্বাগত জানানোর মুহূর্তটি আমাদের কাছে ভীষণ আনন্দের এবং ঐশ্বরিক আশীর্বাদ। সবার প্রার্থনা, ভালোবাসা, আশীর্বাদ এবং শুভকামনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।‘
উল্লেখ্য, কলেজ জীবন থেকেই একে অপরকে চিনতেন রাম চরণ ও উপাসনা। বন্ধু মহলে তারা ছিলেন আলোচিত। অম্ল-মধুর সম্পর্কে সবাইকে মাতিয়ে রাখতেন। এরপর একসময় রাম চরণ দেশের বাইরে যান। তখন পরস্পরের সঙ্গ মিস করতেন তারা। সবাই ধরেই নিয়েছিল প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দুজন। কিন্তু তখনও পরস্পরকে বন্ধুই ভাবতেন তারা। রাম চরণের ‘মাগাধীরা’ সিনেমাটি মুক্তির পরই মূলত উপাসনার সঙ্গে এই অভিনেতার প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০১১ সালের ১১ ডিসেম্বর হায়দরাবাদের টেম্পল ট্রি ফার্মসে রাম চরণ ও উপাসনার বাগদান হয়। এরপর ২০১২ সালের ১৪ জুন পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই জুটির বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।