বিনোদন

বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা টেইলর সুইফট


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৫ পিএম

বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা টেইলর সুইফট
মার্কিন পপ তারকা টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

বিশ্বসংগীত অঙ্গনে জনপ্রিয়তার পাশাপাশি আর্থিক সাফল্যেও নতুন রেকর্ড গড়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। অর্থবিষয়ক সাময়িকী ফোর্বসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে তিনিই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা।

ফোর্বসের হিসাব অনুযায়ী, টেইলর সুইফটের মোট সম্পদের পরিমাণ প্রায় ২০০ কোটি মার্কিন ডলার। এই বিপুল সম্পদের কারণে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তাঁর অবস্থান প্রায় ২ হাজার ১৭৭ নম্বরে।

যদিও বৈশ্বিক শীর্ষ ধনকুবেরদের তুলনায় এই অঙ্ক অনেক কম। উদাহরণ হিসেবে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সম্পদের পরিমাণ কয়েক শ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

গত কয়েক বছরে সুইফটের সম্পদ দ্রুত বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ২০২৫ সালেই তাঁর সম্পদ প্রায় ৪০০ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

টেেই.jpg

বিশ্লেষকদের মতে, সুইফটের সম্পদ বৃদ্ধির পেছনে প্রধানত তিনটি কারণ রয়েছে। প্রথমত, তাঁর সংগীত ভান্ডার থেকে নিয়মিত আয়। দীর্ঘ ক্যারিয়ারে প্রকাশিত পুরোনো ও নতুন গান এখনো বিশ্বজুড়ে জনপ্রিয়।

বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম, লাইসেন্সিং চুক্তি ও বিক্রির মাধ্যমে তাঁর গান থেকে নিয়মিত বড় অঙ্কের আয় হচ্ছে।

দ্বিতীয়ত, নিজের প্রথম ছয়টি অ্যালবামের অধিকার পুনরুদ্ধার করা। এই সিদ্ধান্তকে তাঁর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পদক্ষেপ হিসেবে দেখা হয়। এর ফলে নিজের সংগীত থেকে আয়ের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন তিনি।

তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ তাঁর বিশ্বব্যাপী কনসার্ট ট্যুর। সাম্প্রতিক ‘দ্য ইরাস ট্যুর’ বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক শহরে টিকিট প্রকাশের অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। এই ট্যুরই তাঁর আয়ের অন্যতম বড় উৎসে পরিণত হয়েছে।

সংগীতজগতে অনেক শিল্পী বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে টেইলর সুইফটের বিশেষত্ব হলো—তিনি শুধু সফল গায়িকা নন, একই সঙ্গে একজন দূরদর্শী উদ্যোক্তাও। এই কারণেই ফোর্বস তাঁকে প্রভাবশালী আমেরিকান উদ্যোক্তাদের তালিকাতেও অন্তর্ভুক্ত করেছে।