বিনোদন

ফুটবল মাঠ থেকে অভিনয়ে জামাল ভূঁইয়া 


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:৫৭ এএম

ফুটবল মাঠ থেকে অভিনয়ে জামাল ভূঁইয়া 
ছবিঃ সংগৃহীত

দর্শকরা এতদিন তাকে দেখেছেন ফুটবল মাঠে নেতৃত্ব দিতে, মাঝমাঠ নিয়ন্ত্রণ করতে এবং দেশের জার্সি গায়ে লড়াই করতে। এবার সেই পরিচিত মুখকে দেখা যাবে ভিন্ন এক ভূমিকায়। জামাল ভূঁইয়া প্রথমবারের মতো অভিনয়ে নাম লিখিয়েছেন।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক এবার পা রাখছেন বিনোদন অঙ্গনে। ‘ব্রাজেন্টিনা’ নামের একটি ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে নির্মিত সিরিজটির শুটিং শুরু হয়েছে রাজধানীর কলাবাগানের একটি মাঠে। সিরিজটি পরিচালনা করছেন তারিক মুহাম্মদ হাসান।

অভিনয়ে অভিষেক নিয়ে উচ্ছ্বসিত জামাল ভূঁইয়া জানান, চার বছর আগেও অভিনয়ের একটি প্রস্তাব পেয়েছিলেন। তবে ব্যস্ত ফুটবল সূচির কারণে তখন সেটি করা সম্ভব হয়নি। এবার সময় ও সুযোগ মিলেছে বলেই নতুন এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তিনি।

প্রথম অভিনয় অভিজ্ঞতা সম্পর্কে জামাল বলেন, শুটিং সেটের পরিবেশ তার কাছে একেবারেই নতুন। বিজ্ঞাপনের কাজে আগে ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা থাকলেও অভিনয় সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। পেশাদার শিল্পীদের সঙ্গে কাজ করতে গিয়ে প্রতিদিনই নতুন কিছু শিখছেন বলেও জানান তিনি।

ওয়েব সিরিজটিতে জামালের বিপরীতে অভিনয় করছেন তাসনুভা তিশা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লামিমা লাম, শরফ আহমেদ জীবন, শহিদ উন নবী এবং ইশতিয়াক আহমেদ।

আট পর্বের এই ওয়েব সিরিজটি আগামী ৩০ জুন একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা রয়েছে। ফুটবল মাঠের সফল অধিনায়ক অভিনয়ের মঞ্চেও দর্শকদের মন জয় করতে পারেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।