বিনোদন
কোক স্টুডিও বাংলায় এবার কিংবদন্তি রুনা লায়লার ‘মাস্ত কালান্দার’
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা এবার হাজির হচ্ছেন কোক স্টুডিও বাংলার মঞ্চে। বহু ভাষায় গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা এই শিল্পী নতুন করে উপহার দিতে চলেছেন তার কালজয়ী সৃষ্টি ‘দমা দম মাস্ত কালান্দার’।
বহুল প্রতীক্ষিত এই গানটি কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আজ রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায়।

তৃতীয় সিজনের ঘোষণার পর থেকেই গুঞ্জন ছিল- এবার কোক স্টুডিও বাংলায় রুনা লায়লার উপস্থিতি নিশ্চিত। যদিও কর্তৃপক্ষ শুরুতে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত বছর শিল্পী নিজেই অংশগ্রহণের কথা জানালেও গানটির বিষয়ে নীরবতা বজায় ছিল। অবশেষে গত ১৪ নভেম্বর প্রকাশিত টিজারেই সব জল্পনার অবসান ঘটে, জানানো হয় আজই আসছে সম্পূর্ণ গান।
জানা গেছে, গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছিল অনেক আগেই। তবে সিজনের কার্যক্রম প্রায় এক বছর বন্ধ থাকায় প্রকাশে বিলম্ব হয়। দুই বছর আগে কলকাতার এক ঘরোয়া আয়োজনে কোক স্টুডিও টিমের সঙ্গে গানটি প্রথমবার পরিবেশন করেছিলেন রুনা লায়লা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর অর্ণব, সুরকার শুভেন্দু দাস শুভসহ অনেকে।

উল্লেখ্য, আগামীকাল রুনা লায়লার জন্মদিন। ধারণা করা হচ্ছে, এই বিশেষ দিনকে কেন্দ্র করেই কোক স্টুডিও বাংলা তার জন্মদিনের আগের দিন গানটি প্রকাশ করছে শ্রদ্ধার নিদর্শন হিসেবে।
‘দমা দম মাস্ত কালান্দার’ দিয়ে সিজন–৩-এর অষ্টম গান আনছে কোক স্টুডিও বাংলা। এর আগে সর্বশেষ ‘ক্যাফে’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছিল ২৪ অক্টোবর।