পরিবেশ-জলবায়ু

মঙ্গলবার থেকে টানা বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা (ভিডিও)


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৮:২৬ পিএম

মঙ্গলবার থেকে টানা বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা (ভিডিও)
ছবি: সংগৃহীত

দেশের আবহাওয়া শুষ্ক থাকলেও আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার থেকে সারাদেশেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে দেওয়া এক পূর্বাভাসে অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এ তথ্য জানান।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকে রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

বুধবার (২৯ অক্টোবর) থেকে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির প্রবণতা আরও বাড়বে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এ সময় তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।