পরিবেশ-জলবায়ু
পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বাড়ছে ভূমিধসের ঝুঁকি
চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়, মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
সতর্কবার্তায় আরও বলা হয়, এসব এলাকায় কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
ভারী বৃষ্টির কারণে পাঁচ জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি অতিবৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে।
এ অবস্থায় পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।