পরিবেশ-জলবায়ু

৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ এএম

৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

দেশের ৬ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার ২১ সেপ্টেম্বর ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঝোড়ো হাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোতে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ কারণে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া উপকূলীয় অঞ্চল ও নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।