সারাদেশ

আশুলিয়ায় কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ, নারীসহ নিহত ৬


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ এএম

আশুলিয়ায় কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ, নারীসহ নিহত ৬
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানার চত্বরে কাভার্ডভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে এক নারীসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

রোববার ২০ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে সাতটার দিকে জামগড়া চৌরাস্তা সংলগ্ন প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার সীমানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত নারী হলেন ৫৫ বছর বয়সী জয়নব বেগম। তিনি গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী। নিহত অপর পাঁচজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ বিকট শব্দে কাভার্ডভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এরপর মুহূর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় একটি সিলিন্ডার ছিটকে পাশের একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা জয়নব বেগমের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ছাড়া একটি লরির ভেতর থেকে দগ্ধ অবস্থায় আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জয়নব বেগমের স্বজনরা জানান, তিনি জামগড়া এলাকায় দর্জির কাজ করতেন। ঘটনার সময় তিনি দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিস্ফোরণ ঘটলে ছিটকে আসা একটি সিলিন্ডার তার ওপর পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিল্প পুলিশ একের পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কারখানার গেটের সামনে ওই নারী দর্জির কাজ করতেন। হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তার শরীরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা আরও পাঁচটি মরদেহ উদ্ধার করেছেন।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, একটি লরির ভেতর থেকে দগ্ধ অবস্থায় পাঁচজনের মরদেহ পাওয়া গেছে। তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি।