সারাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত তেলের পাম্পে প্রকাশ্যে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পিএম

টাঙ্গাইলে পরিত্যক্ত তেলের পাম্পে প্রকাশ্যে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে একটি পরিত্যক্ত তেলের পাম্পে সুরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় সাবেক এমপি ছোট মনিরের একটি পরিত্যক্ত তেলের পাম্পে এ ঘটনা ঘটে।

সুরমান রেজা টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভারচান্দা এলাকার আবু হানিফের ছেলে। সে গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পের সামনে রেজাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, ঘটনাস্থলে থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।