সারাদেশ

চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও এনসিপি নেতা, থানায় অভিযোগ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও এনসিপি নেতা, থানায় অভিযোগ
ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে তার চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর শ্বশুর হারুনুর রশিদ শাহরাস্তি মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইনপ্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে রহমত উল্লাহ নিখোঁজ হন। এরপর থেকে তাদের দুজনের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তাদের সন্ধান পাননি বলে জানা গেছে।

পরিবারের সদস্যদের অভিযোগ, শেখ রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হওয়ার পর তাদের সতর্ক করা হয় এবং খোঁজখবর নেওয়া শুরু হয়। এরই মধ্যে শনিবার রাতে তারা দুজন একসঙ্গে বাড়ি থেকে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানাতে রহমত উল্লাহর স্ত্রী, ইব্রাহিম খলিলের দুই সন্তানসহ পরিবারের কয়েকজন সদস্য শাহরাস্তি মডেল থানায় যান। পরে মরিয়ম বেগমের শ্বশুর হারুনুর রশিদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে হারুনুর রশিদ দাবি করেন, তার ছেলের স্ত্রী মরিয়ম বেগম বাড়ি থেকে যাওয়ার সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে নিয়ে গেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে শেখ রহমত উল্লাহ বা মরিয়ম বেগমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম বলেন, রহমত উল্লাহ ও মরিয়মের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল বলে তারা জানতে পারেন। বিষয়টি পরিবারের নজরে আসার পর ইব্রাহিম খলিলকেও জানানো হয়। পরে পারিবারিকভাবে বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে তারা দুজন বাড়ি থেকে চলে যান।

এদিকে, অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে রহমত উল্লাহ ও মরিয়ম বেগম বর্তমানে কোথায় আছেন, তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়েছেন কি না এবং অভিযোগে উল্লেখ করা অন্যান্য বিষয়গুলোর সত্যতা কী-এসব এখনো তদন্তাধীন। পুলিশের তদন্তের পরই ঘটনার প্রকৃত বিষয়টি স্পষ্ট হবে।