জাতীয়

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন ৩৫ জন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন ৩৫ জন
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের সফরে তার সঙ্গে থাকবেন ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, এবারের সফরে জাতিসংঘের নির্ধারিত কর্মসূচিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে মোট ৩৫ জন সফরসঙ্গী থাকবেন। তবে পররাষ্ট্রমন্ত্রী এবং ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি যুক্তরাষ্ট্র থেকেই নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন।

তিনি জানান, প্রতিনিধি দলে চারজন মন্ত্রী থাকছেন। পাশাপাশি দুজন রাজনৈতিক ব্যক্তিত্বও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে যাবেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিরাপত্তার বিষয়ে আসাদ আলম সিয়াম বলেন, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সফররত প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যুক্তরাষ্ট্রেরও রয়েছে। এ বিষয়ে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রীর নিউইয়র্কে অবস্থানের সময়সীমা নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, সফরের কর্মসূচি কার্যকরভাবে সম্পন্ন করতে যতদিন থাকা প্রয়োজন, প্রধানমন্ত্রী ততদিনই সেখানে অবস্থান করবেন। কতদিন অবস্থান করছেন সেটি মুখ্য নয়, বরং সফরের সময়কে কতটা কার্যকরভাবে কাজে লাগানো হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ।

জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এ ছাড়া সফরে থাকছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এরপর ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।