সারাবিশ্ব
ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আগামী ২৭ সেপ্টেম্বর ইমরানের মুক্তির দাবিতে তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের ঘোষিত বিক্ষোভ মিছিলের এক সপ্তাহ আগে লাহোরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার ২০ সেপ্টেম্বর আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লাহোরের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আলিমা খানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।
লাহোরের ডেপুটি কমিশনার জনশৃঙ্খলা রক্ষা আইন অনুযায়ী আলিমা খানকে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দিয়েছেন। জনশৃঙ্খলা বা নিরাপত্তার জন্য প্রয়োজন মনে হলে এই আইনে কাউকে প্রতিরোধমূলকভাবে আটক করার সুযোগ রয়েছে।
আলিমা খানের আইনজীবী রানা মুদাসসার উমর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, সকালে চালকের সঙ্গে বাসা থেকে বের হওয়ার সময় পুলিশ তাকে ‘অবৈধভাবে’ গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। লাহোরে তার বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি জামিনে রয়েছেন বলেও দাবি করেন আইনজীবী।
তবে আলিমা খানকে কোন মামলায়, কোথায় বা কোন থানায় আটক রাখা হয়েছে, তা এখনও জানা যায়নি। এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছিলেন, ২৭ সেপ্টেম্বরের পিটিআইয়ের বিক্ষোভ মিছিল ঠেকাতে সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে।
আলিমা খানের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে পিটিআই। দলটির মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এটিকে ‘অবৈধ গ্রেপ্তার’ দাবি করে তার অবিলম্বে মুক্তি দাবি করেন।
তিনি আরও দাবি করেন, ইমরান খানের কারাবাস, একাকী বন্দিত্ব এবং চিকিৎসাসেবা না পাওয়ার বিষয়ে কথা বলার কারণেই আলিমা খানকে গ্রেপ্তার করা হয়েছে।