জাতীয়
কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন, আতঙ্কে যাত্রীরা
রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের একটি কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। একই সঙ্গে ট্রেনটির নামও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৯টা ৪৬ মিনিটে তাদের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। মাত্র ছয় মিনিটের মধ্যে, রাত ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান ঢাকা পোস্টকে জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের একটি কোচে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়তে শুরু করলে স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্ল্যাটফর্মে থাকা অন্য কোচগুলোর পাশেই আগুনে পুড়ছিল একটি কোচ। আগুনের ধোঁয়ায় স্টেশনের আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে যায়। আগুন পাশের কোচগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ প্রাথমিকভাবে ধারণা করছেন, দুর্বৃত্তরা ওই কোচে আগুন দিয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।