রাজধানী
কমলাপুরে হাওর এক্সপ্রেসের কোচে আগুন, ৫ সদস্যের তদন্ত কমিটি
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচে আগুন লাগার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।
রোববার রাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক জনসংযোগ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা অঞ্চলের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী, ক্যারেজ এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেসের একটি কোচে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাত ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঢাকা বিভাগ রেলওয়ের ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানান, আগুনে হাওর এক্সপ্রেসের একটি কোচ পুড়ে গেছে। আগুন দ্রুত পুরো কোচে ছড়িয়ে পড়ার আলামত দেখে প্রাথমিকভাবে পেট্রোল বা গানপাউডার ব্যবহারের আশঙ্কা করা হচ্ছে।
তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত শেষ হওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখে প্রতিবেদন দিতে তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।