অর্থনীতি

সরবরাহ নিয়ে স্বস্তির খবরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ এএম

সরবরাহ নিয়ে স্বস্তির খবরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও সৌদি আরবে হুতি গোষ্ঠীর হামলা অব্যাহত থাকলেও বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। সৌদি আরব থেকে লোহিত সাগর হয়ে অপরিশোধিত তেল রপ্তানি ও জাহাজ চলাচল স্বাভাবিক থাকার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দরে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে বিশ্ববাজারে অপরিশোধিত তেল বা ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ কমেছে। এতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম নেমে দাঁড়িয়েছে ১০৩ দশমিক ০৬ ডলারে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮৯ শতাংশ কমেছে। বর্তমানে এই মানদণ্ডের তেল প্রতি ব্যারেল ৯৯ দশমিক ৪১ ডলারে বিক্রি হচ্ছে।

এর আগে শনিবার মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায় হুতি গোষ্ঠী। হামলার অন্যতম লক্ষ্য ছিল সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো।

তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে। তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত না হওয়া এবং বিশ্ববাজারে সরবরাহে বড় ধরনের ঘাটতির আশঙ্কা তৈরি না হওয়ায় জ্বালানি তেলের দামে কিছুটা পতন হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।