সারাবিশ্ব

পড়তে-লিখতে না জেনেও ৭১ বছর বয়সে হাফেজা হলেন সানা আবদেল


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম

পড়তে-লিখতে না জেনেও ৭১ বছর বয়সে হাফেজা হলেন সানা আবদেল
ছবি: সংগৃহীত

মিশরের সানা আবদেল সাত্তার। বয়স ৭১ বছর। পড়তে বা লিখতে জানেন না তিনি। ছোটবেলা থেকেই রেডিওতে কোরআন তিলাওয়াত শুনতেন। সেই শুনতে শুনতেই পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসা তৈরি হয় তার। একসময় শুরু করেন কোরআন মুখস্থ করার চেষ্টা। জীবনের নানা দায়িত্ব ও প্রতিকূলতায় সেই চেষ্টা একাধিকবার থেমে গেলেও হাল ছাড়েননি তিনি। অবশেষে ৭১ বছর বয়সে এসে পুরো কোরআন হিফজ সম্পন্ন করেছেন এই নারী।

সানা আবদেল সাত্তার মিশরের মনুফিয়া প্রদেশের শোহাদা এলাকার মিত শাহালা গ্রামের বাসিন্দা। পুরো কোরআন হিফজ সম্পন্ন করার পর বর্তমানে নিয়মিত মুখস্থ করা অংশগুলো পুনরাবৃত্তি করছেন তিনি। মিসরীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন প্রায় পাঁচ পারা কোরআন পুনরাবৃত্তি করেন সানা।

পড়তে বা লিখতে না জানায় অন্যদের মতো কোরআন গ্রন্থ দেখে মুখস্থ করেননি তিনি। বরং শুনে শুনে, মনে রেখে এবং বারবার পুনরাবৃত্তির মাধ্যমে পুরো কোরআন নিজের বুকে ধারণ করেছেন। ছোটবেলা থেকেই রেডিওতে কোরআন তিলাওয়াত শোনা ছিল তার কোরআনের সঙ্গে পরিচয়ের অন্যতম মাধ্যম।

বিশের কোঠার শুরুতেই কোরআন হিফজ করা শুরু করেন সানা। তবে তার এই যাত্রা মোটেও সহজ ছিল না। বিয়ের পর সংসারের দায়িত্ব বেড়ে যায়। তিন সন্তানের লালনপালনের পাশাপাশি পরিবারের নানা দায়িত্বও সামলাতে হয়েছে তাকে।

এর মধ্যে অসুস্থ হয়ে পড়েন তার স্বামী। প্রায় ছয় মাস স্বামীর সেবায় ব্যস্ত থাকতে হয় সানাকে। এ সময় তার কোরআন হিফজের কাজও বন্ধ হয়ে যায়। পরে স্বামীর মৃত্যুর পরও বিভিন্ন কারণে কিছু সময়ের জন্য হিফজের যাত্রা থেমে থাকে।

তবে কোরআন হিফজ করার ইচ্ছা থেকে কখনো সরে যাননি সানা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারও কোরআনের কাছে ফিরে আসেন তিনি। কোরআন মুখস্থ করা এবং মুখস্থ করা অংশ পুনরাবৃত্তির জন্য এমন কিছু মানুষের সঙ্গেও যোগাযোগ করেন, যাদের সঙ্গে নিয়মিত বসে কোরআন শুনিয়ে দেওয়া যায়।

বর্তমানে ২০ জনের বেশি নারীর সঙ্গে নিয়মিত কোরআনের মজলিসে অংশ নেন সানা। বিভিন্ন বয়সী এসব নারী পরস্পরকে কোরআন শুনিয়ে থাকেন এবং মুখস্থ করা অংশ পুনরাবৃত্তি করেন। তার এক প্রতিবেশী ও বান্ধবীও পড়তে বা লিখতে জানেন না। তিনিও পুরো কোরআন হিফজ করেছেন।

সানার কোরআন হিফজের যাত্রায় সবচেয়ে স্মরণীয় ঘটনাগুলোর একটি হলো এক বৈঠকে পুরো কোরআন মুখস্থ থেকে তিলাওয়াত করে শোনানো। ফজরের নামাজের পর তিনি কোরআন তিলাওয়াত শুরু করেন। এরপর মাগরিবের সময় পর্যন্ত টানা তিলাওয়াত করেন। প্রায় ১৪ ঘণ্টায় পুরো কোরআন মুখস্থ থেকে শুনিয়ে দেন তিনি।

বয়সের ভারেও কোরআনের সঙ্গে তার সম্পর্ক আরও গভীর হয়েছে। বর্তমানে প্রতিদিন নিয়মিত হিফজ করা কোরআন পুনরাবৃত্তি করেন সানা। কোরআন তিলাওয়াত ও পুনরাবৃত্তি এখন তার প্রতিদিনের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।