জাতীয়
জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে কিলোমিটার প্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাস মালিক, শ্রমিকসহ পরিবহন খাতের সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে, ডিটিসি এলাকায় চলাচলকারী মিনিবাসের ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।
বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।