জাতীয়

আমার মেয়ের হাতের লেখা এমন নয়: দাবি মরিয়মের মায়ের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম

আমার মেয়ের হাতের লেখা এমন নয়: দাবি মরিয়মের মায়ের
ছবি: সংগৃহীত

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর তার কথিত শেষ চিঠি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মরিয়মের মা ফিরোজা খানম।

তার দাবি, উদ্ধার হওয়া চিঠির হাতের লেখার সঙ্গে তার মেয়ের হাতের লেখার কোনো মিল নেই। বরং মরিয়মের হাতের লেখা এর চেয়ে খারাপ ছিল। একই সঙ্গে ঘটনাটিকে স্বাভাবিক আত্মহত্যা হিসেবে মেনে নিতে নারাজ তিনি। তার অভিযোগ, মরিয়মকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়ে থাকতে পারে।

সোমবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব দাবি করেন মরিয়মের মা। সেখানে উদ্ধার হওয়া চিঠির অনুলিপি দেখে তিনি বলেন, তার মেয়ের হাতের লেখা এমন ছিল না। চিঠিতে দুই ধরনের হাতের লেখা দেখা যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

মরিয়মের মা জানান, তার মেয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল। মেয়ের হাতের লেখা সম্পর্কে তিনি ভালোভাবেই জানেন বলেও উল্লেখ করেন তিনি।

ঘটনার দিনের বর্ণনা দিতে গিয়ে মরিয়মের মা বলেন, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তার অসুস্থ স্বামীকে ফোন করে দ্রুত দুজনকে সেখানে যেতে বলেন। ব্যবসায়িক কাজের কারণে তিনি নিজে ঢাকায় আসতে না পারলেও স্বামীকে পাঠান। পরে সেখানে গিয়ে তার স্বামী মরিয়মকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

শোকার্ত মা বলেন, মা হিসেবে তার একটাই দাবি। তার মেয়ে যদি আত্মহত্যা করে থাকে বা তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়ে থাকে, তাহলে এর পেছনে যারা দায়ী তাদের কঠিন শাস্তি দিতে হবে।