সারাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে হায়দার আলী (৬০) নামে দুই দিন ধরে নিখোঁজ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্বকমলাপুর মাধবীতলা এলাকার নদীর পূর্ব পাশে ঝোপঝাড়ে আটকে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে পরনের পোশাক ও বিশেষ চিহ্ন দেখে মরদেহটি তাঁর মেয়ে নাজমা খাতুন শনাক্ত করেন।


নিহত হায়দার আলী আলমডাঙ্গা উপজেলার রংপুর স্কুলপাড়ার মৃত খোদাবক্সের ছেলে। তিনি গত শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে নিখোঁজ ছিলেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কয়েকজন ব্যক্তি মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গেলে পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদীর পূর্ব পাশে ঝোপঝাড়ে আটকে থাকা মরদেহটি উদ্ধার করে।


পরে নিহতের মেয়ে নাজমা খাতুন ঘটনাস্থলে এসে পরনের লুঙ্গি, গেঞ্জি ও কোমরে বাঁধা সুতার চিহ্ন দেখে মরদেহটি তাঁর বাবা হায়দার আলীর বলে শনাক্ত করেন।


নাজমা খাতুন জানান, তাঁর বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ঠিকমতো উঠতে-বসতে ও খাওয়া-দাওয়া করতে পারতেন না। শনিবার কিছুটা সুস্থ বোধ করায় বাড়িতে গোসল ও খাওয়া-দাওয়া করেন। পরে বাড়ির আশপাশে হাঁটাচলা করার একপর্যায়ে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তাঁর সন্ধান পাননি। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি বলেও জানান তিনি।


আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে পূর্বকমলাপুর মাধবীতলা এলাকায় আব্দুল খালেকের পানবরজের সামনে মাথাভাঙ্গা নদীর পূর্ব পাশে ঝোপঝাড়ে একটি মরদেহ ভাসতে থাকার খবর পায় পুলিশ। খবর পেয়ে তিনি তদন্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান এবং মরদেহটি উদ্ধার করেন।

ওসি জানান, রংপুর গ্রামের এক ব্যক্তি নিখোঁজ থাকার তথ্য পাওয়ার পর তাঁর স্বজনদের খবর দেওয়া হয়। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি হায়দার আলীর বলে শনাক্ত করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিখোঁজের দুই দিন পর নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হায়দার আলীর মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।