সারাবিশ্ব

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়
ছবি: সংগৃহীত

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড জয় পেয়েছে। তিন দিনব্যাপী নির্বাচনে দেশটির ৪৫০ আসনের নিম্নকক্ষে দলটি ৩৫৫টি আসনে জয় পেয়েছে। প্রাথমিক ফলাফলে এ তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান এলা পামফিলোভা জানিয়েছেন, ৯৫ শতাংশের বেশি ভোট গণনার পর ইউনাইটেড রাশিয়া ৩৫৫টি আসনে জয় পেয়েছে। এর মধ্য দিয়ে ২০১৬ সালের নির্বাচনে পাওয়া দলটির ৩৪৩ আসনের আগের রেকর্ডও ছাড়িয়ে গেছে।

এই ফলাফলের ফলে পার্লামেন্টে পুতিনের দলের সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা আরও শক্তিশালী হয়েছে। এর ফলে প্রয়োজন হলে সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ আইন পাস করার ক্ষেত্রে দলটির বড় ধরনের ক্ষমতা তৈরি হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এটিই ছিল দেশটির প্রথম পার্লামেন্ট নির্বাচন। নির্বাচনে পুতিনের সমালোচক ও যুদ্ধবিরোধী দলগুলোর অংশগ্রহণ ব্যাপকভাবে সীমিত ছিল। ইউক্রেন যুদ্ধ নিয়ে সমালোচনাকারী একমাত্র নিবন্ধিত দল ইয়াবলোকোও জাতীয় পর্যায়ে পার্লামেন্টে আসন পায়নি।

নির্বাচনে ভোট পড়েছে ৫৯ শতাংশের বেশি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কমিউনিস্ট পার্টি ৪০টি, এলডিপিআর ২৫টি এবং নিউ পিপল পার্টি ২০টি আসন পেয়েছে।

ভোটগ্রহণের শেষ দিনে ইউক্রেন থেকে রাশিয়ার মস্কো ও আশপাশের এলাকায় বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়। রুশ কর্মকর্তাদের দাবি, হামলায় দুইজন নিহত হয়েছেন এবং একটি তেল শোধনাগারে আগুন লাগে। এর মধ্যেও ভোটগ্রহণ শেষ হয়।

এদিকে চেচনিয়ায় আঞ্চলিক প্রধান রমজান কাদিরভ ৯৯ দশমিক ৮৫ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

তবে নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস এই নির্বাচনকে গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুতর অবক্ষয় হিসেবে আখ্যায়িত করেছেন। রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনীয় অঞ্চলগুলোতে ভোটগ্রহণ এবং বিরোধী প্রার্থীদের অংশগ্রহণে বাধা দেওয়ার বিষয়েও সমালোচনা করা হয়েছে।

সূত্র: এএফপি