সারাদেশ
আদালতের নির্দেশে কবর থেকে উঠছে সেলিম খান ও শান্ত খানের মরদেহ
চাঁদপুরের আলোচিত আওয়ামী লীগ নেতা সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হবে। সোমবার, ২১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ।
সেলিম খান চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি শাপলা মিডিয়া নামে চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান এবং ভয়েস টেলিভিশন নামে আইপি টেলিভিশন ও সংবাদপত্রের মালিক ছিলেন।
তার বড় ছেলে চিত্রনায়ক শান্ত খান বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সদস্য ছিলেন। শেখ মুজিবের জীবনী নিয়ে নির্মিত টঙ্গীপাড়ার মিয়াভাইসহ বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় সেলিম খান ও শান্ত খান বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজার এলাকায় জনরোষের মুখে পড়েন। সেখান থেকে বের হয়ে আসতে পারলেও পরে বাগড়া বাজার এলাকায় তারা ছাত্র জনতার মুখোমুখি হন। সেখানে গণপিটুনিতে সেলিম খান ও শান্ত খান নিহত হন।
পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরিস্থিতির কারণে সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে তাদের নিজ বাড়িতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়। ওই সময় এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা করা হয়নি।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে ক্ষুব্ধ জনতার হাতে সেলিম খান ও তার ছেলে শান্ত খান নিহত হন। তবে তখন ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ দাফন করা হয়। পরবর্তীতে তাদের মৃত্যুর ঘটনায় সদর মডেল থানা পুলিশ বাদী হয়ে মামলা করে।
সম্প্রতি চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মরদেহ দুটি কবর থেকে তুলে সুরতহাল শেষে ময়নাতদন্তের নির্দেশ দেন। এ জন্য জেলা প্রশাসকের কাছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাওয়া হয়। তার উপস্থিতিতে মরদেহ দুটি কবর থেকে উত্তোলন করা হবে। তবে ঠিক কবে মরদেহ উত্তোলন করা হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য কবর থেকে মরদেহ উত্তোলনের লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসক আবেদন মঞ্জুর করেছেন। কবে মরদেহ উত্তোলন করা হবে, তা পরে জানানো হবে।
সেলিম খানের বিরুদ্ধে পদ্মা ও মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অভিযোগ ছিল। এ ছাড়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে জমি অধিগ্রহণ নিয়েও তার বিরুদ্ধে নয়ছয়ের অভিযোগ ওঠে। এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলাও চলমান ছিল।
বর্তমানে তার কয়েকশ কোটি টাকার সম্পদ সরকার জব্দ করলেও তার আরও অনেক সম্পদ বিভিন্ন ব্যক্তির কাছে গচ্ছিত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।