অর্থনীতি
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
টানা কয়েক দফা দরপতনের পর বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য কূটনৈতিক যোগাযোগের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে ব্রেন্ট অপরিশোধিত তেলের নভেম্বরের ভবিষ্যৎ চুক্তির দাম প্রতি ব্যারেলে ২২ সেন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে ১০০ ডলার ৫৭ সেন্টে উঠেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের অক্টোবরের চুক্তির মেয়াদ মঙ্গলবার শেষ হচ্ছে। দিনের শুরুতে এ চুক্তির দাম ২ সেন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ ডলার ৮০ সেন্টে দাঁড়ায়।
এদিকে, বাজারে সবচেয়ে বেশি লেনদেন হওয়া নভেম্বরের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট চুক্তির দামও বেড়েছে। এ চুক্তির দাম ১৩ সেন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ ডলার ৪৯ সেন্টে দাঁড়িয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক তৎপরতার অগ্রগতি আগামী দিনে তেলের দামের গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সূত্র: রয়টার্স