সারাবিশ্ব

বেনিনে সেনাদের একদল রাষ্ট্রীয় টিভি দখল করে সরকার উৎখাতের ঘোষণা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম

বেনিনে সেনাদের একদল রাষ্ট্রীয় টিভি দখল করে সরকার উৎখাতের ঘোষণা
ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে একদল সেনা রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে সরকার বিলুপ্তির ঘোষণা দিয়েছে।

তারা নিজেদের “মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন” হিসেবে পরিচয় দিয়েছে এবং দাবি করেছে, দেশটির প্রেসিডেন্ট প্যাট্রিস ট্যালনকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে আল জাজিরা। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ঘোষণায় সেনারা জানায়, বৈঠকের মাধ্যমে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রেসিডেন্ট ট্যালন আর দেশের রাষ্ট্রপ্রধান নন। সামরিক কমিটির প্রধান হিসেবে লেফটেন্যান্ট কর্নেল প্যাসকেল টিগ্রিকে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে, একই সময়ে বেনিনের পররাষ্ট্রমন্ত্রী ওলুশেগুন আদজাদি বাকারি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এটি একটি অভ্যুত্থান চেষ্টা হলেও পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের একটি বড় অংশ এখনও প্রেসিডেন্টের প্রতি অনুগত এবং তারা ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

অন্যদিকে, বার্তা সংস্থা এএফপিকে দেওয়া প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট প্যাট্রিস ট্যালন নিরাপদে আছেন। নিয়মিত সেনাবাহিনী ধীরে ধীরে দেশের পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছে। প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি ছোট গোষ্ঠীর কাজ, যারা কেবল রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়েছে। রাজধানী এবং পুরো দেশ সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

তবে, অভ্যুত্থান ঘোষণাকারী সেনারা দাবি করেছে, তারা দেশের সব সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং সব রাজনৈতিক দল স্থগিত করা হয়েছে। এই ঘটনার মধ্যেই ফ্রান্সের দূতাবাস জানিয়েছে, প্রেসিডেন্টের সরকারি বাসভবনের কাছের ক্যাম্প গেজো এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেছে।

বিশ্লেষকরা মনে করছেন, এটি বেনিনের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এক বড় ধরনের চ্যালেঞ্জ। দেশটির নিরাপত্তা বাহিনী এবং আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।