সারাবিশ্ব
নোবেল শান্তি পুরস্কার চাইলে ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধ করা উচিত: মাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেছেন, যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তবে তাকে অবশ্যই গাজা যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে। তার মতে, বিশ্বে একমাত্র ট্রাম্পেরই ক্ষমতা আছে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে এই যুদ্ধের ইতি টানার।
ফরাসি গণমাধ্যম বিএফএম টিভি মঙ্গলবার নিউইয়র্ক থেকে মাক্রোঁর একটি সাক্ষাৎকার সম্প্রচার করে। সেখানে তিনি বলেন, “এই বিষয়ে কিছু করার মতো একজনই আছেন আর তিনি হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আমাদের বা ইউরোপের হাতে সেই ক্ষমতা নেই। কারণ আমরা গাজায় যুদ্ধ চালানোর মতো অস্ত্র সরবরাহ করছি না। কিন্তু যুক্তরাষ্ট্র তা করছে।”
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে ট্রাম্প এক আক্রমণাত্মক ভাষণে পশ্চিমা মিত্রদের ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করেন। তিনি দাবি করেন, এটি হামাসের জন্য এক ধরনের পুরস্কার ছাড়া আর কিছু নয়। তবে একইসঙ্গে ট্রাম্প বলেন, “আমাদের অবশ্যই অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে এবং শান্তি আলোচনায় বসতে হবে।”
মাক্রোঁ এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, “আমি একজন মার্কিন প্রেসিডেন্টকে দেখতে পাচ্ছি যিনি জড়িত আছেন, যিনি আজ সকালে মঞ্চ থেকে ঘোষণা করেছেন, ‘আমি শান্তি চাই, আমি সাতটি সংঘাতের সমাধান করেছি।’ তিনি নোবেল শান্তি পুরস্কার পেতে চান। কিন্তু এই পুরস্কার কেবল তখনই সম্ভব যদি আপনি বাস্তব সংঘাত বন্ধ করতে পারেন।”
উল্লেখযোগ্য যে, শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতার জন্য কম্বোডিয়া, পাকিস্তান এবং ইসরায়েলের মতো কয়েকটি দেশ ট্রাম্পকে এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। ট্রাম্প নিজেও দাবি করেছেন, নরওয়ের এই সম্মাননা তার প্রাপ্য। এর আগে চারজন মার্কিন প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন।
এদিকে মাক্রোঁর মন্তব্যের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের মুখপাত্র আসা কেলি বলেন, “শান্তির জন্য জাতিসংঘে উপস্থিত সবাই মিলে যা করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার চেয়ে বেশি করেছেন।”