সারাবিশ্ব

ফ্লোটিলার ২১ মানবাধিকার কর্মীকে স্পেনে ফেরত পাঠাল ইসরায়েল


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:২৯ পিএম

ফ্লোটিলার ২১ মানবাধিকার কর্মীকে স্পেনে ফেরত পাঠাল ইসরায়েল
ছবি: সংগৃহীত

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে আটক ২১ জন স্প্যানিশ মানবাধিকার কর্মীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। রবিবার (৫ অক্টোবর) স্পেনের রাজধানী মাদ্রিদের উদ্দেশ্যে যাওয়া একটি ফ্লাইটে তাদের পাঠানো হয়।

ইউরো নিউজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মাদ্রিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর স্বজন ও সমর্থকরা ফুল দিয়ে এবং আলিঙ্গনে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। অপেক্ষমাণ স্বজনদের কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন, কেউবা আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এক সংবাদ সম্মেলনে ফ্লোটিলায় থাকা স্প্যানিশ সাংবাদিক নেস্তর প্রিয়েতো অভিযোগ করেন, আটক অবস্থায় ইসরায়েলি কর্মকর্তারা মানবাধিকার কর্মীদের ওপর অস্ত্রের লেজার নিশানা ধরে রাখতেন এবং ইচ্ছাকৃতভাবে তাদের ঘুমাতে দিতেন না। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে ছিল ৪১টি জাহাজ, যেখানে অন্তত ৪৪টি দেশ থেকে ৪৫০ জনের বেশি মানবাধিকার কর্মী অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিশিষ্ট পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ, বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম, এবং বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রুহি আক্তার।

নৌবহরটির লক্ষ্য ছিল গাজার অবরোধ ভাঙা এবং ফিলিস্তিনে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। কিন্তু ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় প্রবেশের আগেই জাহাজগুলোকে আটক করে।