সারাবিশ্ব
গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে মুক্তি পেলেন ৩,৭০০ ফিলিস্তিনি কারাবন্দি
গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইল সোমবার (১৩ অক্টোবর) ৩,৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে। ইসরাইলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
মুক্তি দেওয়া কারাবন্দিদের দুটি ব্যাচে ভাগ করা হয়েছে। প্রথম ব্যাচে প্রায় ২,০০০ কারাবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে, যারা পশ্চিম তীরের রাজধানী রামাল্লার পশ্চিমাংশে অবস্থিত ইসরাইলের ‘ওফের’ কারাগার থেকে বের হয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জনসংযোগ দপ্তর জানিয়েছে, সোমবার দুপুরে এই কারাবন্দিরা বেশ কয়েকটি বাসে চেপে পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে পৌঁছেছেন। এই কার্যক্রমে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট (আইসিআরসি) বাস সরবরাহ করেছে।
দ্বিতীয় ব্যাচে ১,৭১৮ জন কারাবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে, যারা দক্ষিণ ইসরাইলের নাগেভ কারাগারে ছিলেন। ইসরাইলের কেন্দ্রীয় কারা দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, “২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি বাহিনীর অভিযান শুরুর পর গ্রেফতারকৃতদের মধ্যে ১,৭১৮ জনকে মুক্তি দেওয়া হলো। এর মধ্যে ২৫০ জন আসামি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।”
মুক্ত হওয়া কারাবন্দিদের স্বাগত জানাতে পশ্চিম তীরের বেইতুনিয়া এবং গাজার খান ইউনিসে শত শত ফিলিস্তিনি জড়ো হন। গাজার দক্ষিণাঞ্চলের নাসার মেডিকেল কমপ্লেক্সে তাদের প্রাথমিক মেডিকেল পরীক্ষা করা হয়েছে।