সারাবিশ্ব

নিরাপত্তা শঙ্কায় আকাশসীমা বন্ধ করল আমিরাত, শতাধিক ফ্লাইট বাতিল


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৮:২৬ এএম

নিরাপত্তা শঙ্কায় আকাশসীমা বন্ধ করল আমিরাত, শতাধিক ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত

বিমানের ফ্লাইট ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (বাংলাদেশ সময় ভোর ৫টা ১০ মিনিট) আমিরাত জানায়, ইরান তাদের লক্ষ্য করে নতুন করে মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে। এর পরপরই নিরাপত্তাজনিত কারণে আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশটির সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, আকাশসীমা বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাত্রী, ক্রু ও দেশের সার্বিক নিরাপত্তা বিবেচনায়।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে শুধু আমিরাত নয়, ইরান, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার ও জর্ডানও তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত মোট ৫৫৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করেই ফ্লাইট পরিচালনা বা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা