সারাবিশ্ব

সব ধরনের ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:৪৬ পিএম

সব ধরনের ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ইরান
ছবি: সংগৃহীত

ইসরায়েলের ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর সৃষ্ট উত্তেজনার জেরে জারি করা সব ধরনের উড্ডয়ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইরান। দেশের আকাশসীমাকে সম্পূর্ণ নিরাপদ ঘোষণা করে সব বিমানবন্দর থেকে পুনরায় ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার (৮ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি-কে দেওয়া এক বক্তব্যে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার কর্মকর্তা আবুজার শিরুদি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় শেষে আকাশপথে চলাচলের ওপর থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী দেশের বিমান চলাচল কার্যক্রম আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।

এর আগে সোমবার সকালে ইসরায়েলের ভেতরে ইরান একযোগে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে তীব্র যুদ্ধাবস্থা তৈরি হয়। সম্ভাব্য পাল্টা হামলা এবং আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সব বিমানবন্দর থেকে সাময়িকভাবে ফ্লাইট বাতিল করা হয় এবং আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় কয়েক ঘণ্টার মধ্যেই পুনরায় দেশের বিমান চলাচল চালুর ঘোষণা দেয় তেহরান।