সারাবিশ্ব
ইরানে এক সপ্তাহে ৮৩ ভূমিকম্প, গোপন পরমাণু পরীক্ষার গুঞ্জন
মধ্যপ্রাচ্যের দেশ ইরান-এ একের পর এক ভূমিকম্পে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির খুজেস্তান প্রদেশে সর্বশেষ ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার। তবে এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিদ্যা ইনস্টিটিউট-এর ভূকম্পন নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, গত ৩ থেকে ১০ জুলাই এই এক সপ্তাহে দেশজুড়ে মোট ৮৩টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৭১টি ছিল ৩ মাত্রার নিচে, ১০টি ৩ থেকে ৪ মাত্রার এবং ২টি ৪ থেকে ৫ মাত্রার মধ্যে।
সবচেয়ে বেশি ভূকম্পন অনুভূত হয়েছে খোরাসান রাজভি প্রদেশে, যেখানে ১০টি কম্পন রেকর্ড করা হয়। এছাড়া সেমনান, কেরমান ও ফারস প্রদেশে ৮টি করে এবং মাজানদারান প্রদেশে ৭টি কম্পন ধরা পড়ে। রাজধানী তেহরানেও তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
হঠাৎ করে এত ঘন ঘন ভূমিকম্পের ঘটনায় নানা প্রশ্ন উঠছে। বিশ্লেষকদের একাংশের মতে, এটি স্বাভাবিক ভূতাত্ত্বিক কার্যক্রমের ফল হলেও অন্যরা সন্দেহ করছেন, গোপনে পরমাণু স্থাপনায় কোনো পরীক্ষা চালানোর সঙ্গে এই কম্পনের সম্পর্ক থাকতে পারে। কারণ খুজেস্তান অঞ্চলে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা রয়েছে। অন্যদিকে খোরাসান অঞ্চল সামরিক তৎপরতার জন্যও পরিচিত।
উল্লেখ্য, ২০২৫ থেকে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত এক বছরে ইরানে মোট ২ হাজার ৩৮০টি ভূকম্পন রেকর্ড করা হয়েছিল। ভৌগোলিকভাবে পারস্য মালভূমিতে অবস্থিত দেশটি বিশ্বের অন্যতম ভূকম্পন-সক্রিয় অঞ্চলের মধ্যে পড়ে। পরিসংখ্যান বলছে, বিশ্বে সংঘটিত মোট ভূমিকম্পের প্রায় ২ শতাংশই ঘটে ইরানে। এছাড়া বিংশ শতাব্দীতে ভূমিকম্পে বিশ্বজুড়ে যে প্রাণহানি হয়েছে, তার ৬ শতাংশেরও বেশি ঘটেছে এই দেশটিতে।