সারাবিশ্ব

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, পাল্টা জবাবের হুমকি হুথিদের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৯:০৩ এএম

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, পাল্টা জবাবের হুমকি হুথিদের
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দরনগরীতে হামলার অভিযোগ উঠেছে সৌদি আরবের বিরুদ্ধে। এ হামলার জন্য সৌদি আরবকে দায়ী করে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুথি নিয়ন্ত্রিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে চালানো এ হামলার পরিণতি সৌদি আরবকে ভোগ করতে হবে বলে দাবি করেছে হুথি কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, হোদাইদাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে তোলা হয়েছে এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

হুথি-সমর্থিত আল মাসিরাহ টেলিভিশনের খবরে জানানো হয়, হামলায় টেলিযোগাযোগ কর্তৃপক্ষের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে কামারান দ্বীপেও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত এক নারী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোদাইদাহ বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট বন্দরটিতে হামলার অভিযোগ অস্বীকার করেছে।

হোদাইদাহ বন্দর উত্তর ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন্দর দিয়েই ওই এলাকায় অধিকাংশ বাণিজ্যিক পণ্য ও মানবিক সহায়তা পৌঁছে থাকে।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি চলমান উত্তেজনার জন্য হুথিদের দায়ী করেছেন। তিনি লোহিত সাগরে জাহাজে হামলাকে বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, প্রয়োজনীয় সব সামরিক ব্যবস্থা অব্যাহত থাকবে। হুথিরা শত্রুতামূলক কর্মকাণ্ড চালিয়ে গেলে কঠোরভাবে তা মোকাবিলা করা হবে।

এর আগে বুধবার হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগরে কয়েকটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা চালায়। এতে অন্তত একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়। হুথিদের দাবি, তাদের ঘোষিত অবরোধ অমান্য করায় এসব জাহাজে হামলা চালানো হয়েছে।

গত ২০ জুলাই থেকে লোহিত সাগরের এ নৌপথে অবরোধ কার্যকর করে হুথিরা। এর এক সপ্তাহ আগে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর তারা এ সিদ্ধান্ত নেয় এবং ওই হামলার জন্য সৌদি আরবকে দায়ী করে।

অন্যদিকে, রিয়াদ-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার জানিয়েছে, অনুমতি ছাড়া একটি ইরানি বিমান অবতরণের চেষ্টা করায় বিমানবন্দরে অভিযান চালানো হয়েছিল।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ২০২২ সালের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির পর যে উত্তেজনা প্রশমনের পরিস্থিতি বজায় ছিল, সাম্প্রতিক হামলার মধ্য দিয়ে তার অবসান ঘটেছে।

সূত্র: আল জাজিরা