সারাবিশ্ব
দেশ ছাড়ার প্রস্তুতি নিন, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে অঞ্চলজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং প্রয়োজনে দ্রুত এলাকা ছাড়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।
রোববার (২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো অনলাইনে সতর্কবার্তা প্রকাশ করেছে। এসব বার্তায় সম্ভাব্য অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির বিষয়ে নাগরিকদের আগাম সতর্ক করা হয়েছে।
তেহরানের সঙ্গে চুক্তি করার প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে ‘খুব কঠোর’ পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এমন আঘাত হানবে, যা একপর্যায়ে ইরানকে চাপে ফেলবে। একই সঙ্গে ইরানের প্রতি আস্থা হারানোর কথাও উল্লেখ করেন তিনি।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ও কনস্যুলার অ্যাফেয়ার্স জানিয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে নানা ধরনের বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রাখতে বলা হয়েছে।
এক্সে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, বেশ কয়েকটি বিমান সংস্থা তাদের স্বাভাবিক ফ্লাইট সূচি পুনরায় চালুর পরিকল্পনা স্থগিত করেছে। আবার কিছু সংস্থা সব ধরনের ফ্লাইট বাতিল করেছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
এ অবস্থায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের অঞ্চল ত্যাগের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করতে বলা হয়েছে। একই সঙ্গে পরিস্থিতির আরও অবনতি হলে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত নাগরিকদের ওই অঞ্চল হয়ে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। ভ্রমণের সময় বিমানবন্দর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সর্বশেষ তথ্য নিয়মিত অনুসরণ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া জর্ডানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার সামরিক ঘাঁটির আশপাশ এড়িয়ে চলতে বলা হয়েছে। ইসরায়েলে অবস্থানকারীদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্রের অবস্থান জেনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল এবং ইরানের আচরণ যেকোনো সময় অপ্রত্যাশিত হতে পারে। একই ধরনের সতর্কতা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও জারি করা হয়েছে।
সূত্র: এনডিটিভি