সারাবিশ্ব

বাংলাদেশ যদি এক পা এগোয়, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে: ফজলুর রহমান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

বাংলাদেশ যদি এক পা এগোয়, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে: ফজলুর রহমান
মাওলানা ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের (জেইউআই–এফ) সভাপতি মাওলানা ফজলুর রহমান। শনিবার (১৫ নভেম্বর) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দুই দেশের মুসলমানদের মধ্যে যে ঈমানী বন্ধন রয়েছে, তা কখনো মুছে ফেলা যাবে না।

সম্মেলনে মাওলানা ফজলুর রহমান বলেন, বাংলাদেশের জনগণের সক্রিয়তা ও গতিশীলতা তাকে মুগ্ধ করেছে। তার মতে, ধর্মীয় আন্দোলনকে সহিংসতার পথ এড়িয়ে আদর্শিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতার পথে এগোতে হবে।

পাকিস্তানি প্রতিনিধিদল কেবল সম্মেলনে উপস্থিত থাকতে নয়, বরং পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি ঐক্য ও শুভেচ্ছার বার্তা পৌঁছে দিতেই এসেছে বলেও জানান জেইউআই–এফ সভাপতি।

তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানরা একই উম্মাহর অংশ। উপমহাদেশের আলেমরা একমত যে নবী মুহাম্মদের পরে নবুওয়ত দাবি করলে তা ইসলামের পরিপন্থী।

দুই দেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা জানিয়ে ফজলুর রহমান বলেন, ‘বাংলাদেশ যদি এক পা এগোয়, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে। পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলে আমরা আশা করি।’