সারাবিশ্ব
টানা ২ মাস সূর্যের দেখা মিলবে না যে শহরে
যুক্তরাষ্ট্রের এই শহরটির নাম উটকিয়াগভিক। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের আলাস্কা রাজ্যের অন্যতম শহর এটি।
এই শহরে এক নাগাড়ে ৬৫ দিন ধরে দেখা মিলবে না সূর্যের। তাই বাসিন্দারা সূর্যকে বিদায় জানাচ্ছেন। সেখানে শুরু হয়েছে বার্ষিক পোলার নাইট। পৃথিবীর অক্ষের ঢালু অবস্থানের কারণে ঘটে এই ঘটনা।
মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, গত সোমবার শহরটিতে ৩০ মিনিটের জন্য সূর্যের দেখা মিলেছিল। এরপর সেখানে সূর্য অস্ত যায়। ফলে উটকিয়াগভিক শহরটি নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সরাসরি সূর্যের আলো পাবে না। প্রতিবছর শীতকালের এই নির্দিষ্ট সময়ে এমন ঘটনার সাক্ষী হন উৎকিয়াভিকের বাসিন্দারা।
ফেয়ারব্যাঙ্কস থেকে প্রায় ৫০০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত এই শহরের জনসংখ্যা প্রায় ৪৪০০। চরম আবহাওয়ার সঙ্গে তারা বেশ পরিচিত। উটকিয়াগভিক শহরের পুরনো নাম ব্যারো। প্রতি বছরই এমন হয়ে থাকে। এই সময়ে সেখানকার তাপমাত্রা থাকে মোটামুটিভাবে মাইনাস ৫ থেকে মাইনাস ১০ ডিগ্রি ফারেনহাইট। শীতের মাত্রা বৃদ্ধির দিকে যা মাইনাস ২০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছে যায়।
যুক্তরাষ্ট্রের সর্ব উত্তরে যেসব বসতি আছে, এটি তার মধ্যে অন্যতম। এটি আলাস্কার নর্থ স্লোপ অঞ্চলে আর্কটিক মহাসাগরের কাছেই অবস্থিত। যদিও শহরটি দীর্ঘ অন্ধকার পার করবে, তবুও পুরোপুরি কালো অন্ধকার থাকবে না। বাসিন্দারা প্রতিদিন কিছু সময় সিভিল টুইলাইট দেখবেন। এটি ভোরের আগের মৃদু নীল আলো। সূর্যালোকের অনুপস্থিতির কারণে শহরের তাপমাত্রা দ্রুত নেমে যাবে। কারণ দিনের তাপ আর পাওয়া যাবে না। পোলার নাইট আর্কটিক অঞ্চলের আবহাওয়া ব্যবস্থার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এটি পোলার ভর্টেক্স নামক ঠাণ্ডা বায়ুর ঘূর্ণাবর্ত গঠনে ভূমিকা রাখে। যা মাঝে মাঝে দক্ষিণ দিকে নেমে গিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে প্রচণ্ড শৈত্যপ্রবাহ সৃষ্টি করতে পারে।
সূর্যের আলো না থাকায় ভিটামিনের ডি’র ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনা থাকে সেখানকার বাসিন্দাদের। ফলে এই সময়ের কথা ভেবে প্রচুর ভিটামিন ডি জমিয়ে রাখেন বাসিন্দারা। শীতের হাত থেকে বাঁচতেও নানা সতর্ক ব্যবস্থা গ্রহণ করেন তারা। শুধু উৎকিয়াগভিক শহরই নয়, আলাস্কার কাকটোভিক, পয়েন্ট হোপ ও আনাকটুভুক পাসের বাসিন্দারাও এক থেকে দুই মাস সূর্যের দেখা পান না।
পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় একটু ঝুঁকে থাকে। এই ঝুঁকে থাকার কারণেই বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশে সূর্যের আলো পড়ার পরিমাণ ভিন্ন হয়। আর মেরু অঞ্চলগুলো পৃথিবীর অন্যান্য অংশের তুলনায় সূর্য থেকে অনেক দূরে থাকে। ফলে সূর্যের আলো সরাসরি এই অঞ্চলে পৌঁছাতে পারে না। উটকিয়াগভিক শহর পরবর্তী সূর্যোদয় দেখবে স্থানীয় সময় ২৬ জানুয়ারি ২০২৬ দুপুর ১টা ২৩ মিনিটে, যা পোলার নাইটের সমাপ্তি ঘটাবে।