সারাবিশ্ব

দুবাইয়ে বুর্জ খলিফার ওপর বজ্রপাত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ এএম

দুবাইয়ে বুর্জ খলিফার ওপর বজ্রপাত
ছবি: সংগৃহীত

দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত হয়েছে। এই মুহূর্তের ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহম্মদ বিন রশিদ আল মাকতৌম।

শহরে গতকাল থেকে টানা বর্ষণ ও ঝড়ো হাওয়া শুরু হয়েছে। সেই সময়ে বুর্জ খলিফায় বজ্রপাত ঘটে। তবে ভবনটিতে কোনো ধরনের ক্ষতি হয়নি। কারণ ভবনটি এমনভাবে নকশা করা হয়েছে যে এটি বজ্রপাত প্রতিরোধ করতে সক্ষম।

ক্রাউন প্রিন্স ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বলেন, সামনের দিনগুলোয় আরও বৃষ্টিপূর্ণ দিন আসবে। তাই দুবাইয়ের বাসিন্দাদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) জানিয়েছে, লোহিত সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দুবাইয়ে ঝড়-বৃষ্টি হচ্ছে এবং এটি কয়েক দিন ধরে অব্যাহত থাকতে পারে।

উল্লেখ্য, বুর্জ খলিফা বিশ্বের সর্বোচ্চ ভবন। ১৬৩ তলা বিশিষ্ট এই ভবনের উচ্চতা ২ হাজার ৭১৭ ফুট।