সারাবিশ্ব
দুই দিনে তিনবার আটকের পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে আবারও আটক হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। বুধবার ৭ অক্টোবর যন্তর মন্তরের দিকে যাওয়ার পথে তাদের আটক করে দিল্লি পুলিশ। প্রায় দুই ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়। এ নিয়ে মাত্র দুই দিনে তৃতীয়বার আটক হলেন রাহুল গান্ধী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বুধবার যন্তর মন্তরে বিক্ষোভ করে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন সাংসদ সেখানে যাওয়ার পথে পুলিশ তাদের বাধা দেয় এবং পরে আটক করে।
রাহুল গান্ধীর অভিযোগ, প্রায় ৩০০ জন সাংসদ নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চাইলেও তাদের সেই সুযোগ দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জ্ঞানেশ কুমার মিলে দেশের গণতন্ত্র ধ্বংস করছেন।
এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে যাওয়ার সময় এবং আকাশবাণী ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজনকে আটক করেছিল পুলিশ।