অপরাধ
১২ কেজির সিলিন্ডার থেকে ৪ কেজি গ্যাস কমিয়ে বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড
কিশোরগঞ্জে ১২ কেজি গ্যাসের সিলিন্ডার থেকে তিন থেকে চার কেজি গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরে বিক্রির অভিযোগে রাজিব মিয়া নামে এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ৬ অক্টোবর রাতে সদর উপজেলার মহিনন্দ বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত রাজিব মিয়া পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা। তিনি মহিনন্দ এলাকায় শ্বশুরবাড়িতে থেকে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন।
স্থানীয়দের অভিযোগ, রাজিব মিয়া বিশেষ একটি যন্ত্রের সাহায্যে ১২ কেজি গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে গোপনে তিন থেকে চার কেজি গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরে দিতেন। পরে এসব সিলিন্ডার ১২ কেজি গ্যাসের নির্ধারিত দামেই বিক্রি করতেন। এতে অতিরিক্ত সিলিন্ডার বিক্রির মাধ্যমে তিনি বাড়তি আয় করতেন এবং ক্রেতারা নির্ধারিত পরিমাণ গ্যাস না পেয়ে প্রতারিত হতেন।
মঙ্গলবার একইভাবে গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। পরে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হলে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান মারুফ জানান, জিজ্ঞাসাবাদে রাজিব মিয়া স্বীকার করেছেন, তিনি একটি সিলিন্ডার থেকে তিন থেকে চার কেজি গ্যাস বের করে অন্য খালি সিলিন্ডারে ভরতেন। দীর্ঘদিন ধরে তিনি এভাবে প্রতারণা করে আসছিলেন।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। সাজা শেষে তাকে সদর মডেল থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়।