রাজধানী
ধানমন্ডি লেকের কাদা ও বর্জ্য সরাতে ব্যয় হবে ২৬ কোটি টাকা
রাজধানীর ধানমন্ডি লেকের তলদেশে জমে থাকা কাদা ও বর্জ্য সরাতে প্রায় ২৬ কোটি টাকা ব্যয় হবে। এ জন্য প্রায় এক বছর ধরে চলবে পুনঃখননকাজ। এরপর লেকের পানি শোধন, পাড় ও হাঁটার পথ সংস্কার, সৌন্দর্যবর্ধনসহ পুরো এলাকার অবকাঠামো উন্নয়নের কাজ করা হবে। রবীন্দ্র সরোবরের আদলে এখানে ‘নজরুল সরোবর’ নামে একটি আধুনিক উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার ৬ অক্টোবর ধানমন্ডি লেকের নাব্যতা ও নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনতে পুনঃখনন ও সামগ্রিক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। সকালে এ কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, ৩ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ ও গড়ে ৫৬ মিটার প্রশস্ত ধানমন্ডি লেকে প্রায় ১ লাখ ৬২ হাজার ৫৩৪ ঘনমিটার কাদা ও বর্জ্য জমে আছে। প্রতিদিন প্রায় ৭০০ ঘনমিটার কাদা ও বর্জ্য অপসারণ করা হবে। এ কাজে দুটি ভাসমান খননযন্ত্র ও চারটি বার্জ ব্যবহার করা হবে। প্রায় এক বছর মেয়াদি এ পুনঃখননকাজের প্রাথমিক প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে শেখ রবিউল আলম বলেন, ধানমন্ডি লেকের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনা তার নির্বাচনী অঙ্গীকার ছিল। এ–সংক্রান্ত দুটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রথম ধাপ হিসেবে লেকের কাদা ও বর্জ্য অপসারণ শুরু হয়েছে। বিস্তারিত নকশা অনুযায়ী পুরো লেক সংস্কার করা হবে।
লেকের পরিবেশ রক্ষায় দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।