সারাবিশ্ব

শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসে গ্রেপ্তার


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ এএম

শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসেকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ৭ অক্টোবর রাজধানী কলম্বোয় তার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে দেশটির ঘুষ ও দুর্নীতি তদন্ত কমিশন।

সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের স্ত্রী শিরান্থির বিরুদ্ধে অভিযোগ, তার প্রতিষ্ঠিত ‘সিরিলিয়া সাভিয়া’ দাতব্য সংস্থার মাধ্যমে শিশু হাসপাতালের জন্য বিশেষায়িত স্ক্যানার কেনার কথা বলে ১ কোটি শ্রীলঙ্কান রুপি সংগ্রহ করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, ওই স্ক্যানারটি এরই মধ্যে চীন সরকার হাসপাতালটিকে উপহার দিয়েছিল। এরপরও অনুদান সংগ্রহ করা হয় এবং সেই অর্থের অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শিরান্থির বিরুদ্ধে সরকারি অর্থ ব্যবহারে অনিয়ম এবং দুর্নীতিসংক্রান্ত আইনে অপরাধের অভিযোগ আনা হয়েছে। একই ঘটনায় একটি রাষ্ট্রীয় ব্যাংকের সাবেক চেয়ারম্যানকেও গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

চিকিৎসার জন্য গত ১৬ সেপ্টেম্বর সিঙ্গাপুরে গিয়েছিলেন শিরান্থি। সোমবার দেশে ফেরার পর গ্রেপ্তার ঠেকাতে আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। ওই আবেদনের শুনানি ১২ অক্টোবর হওয়ার কথা ছিল। তবে তার আগেই বুধবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়।

শিরান্থি অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবী মনোজ গামাগে বলেছেন, দাতব্য সংস্থার অর্থ আত্মসাৎ করা হয়নি এবং অভিযোগের বিরুদ্ধে তারা আইনি লড়াই করবেন।

পরে শিরান্থিকে আদালতে হাজির করা হলে ১৩ অক্টোবর পর্যন্ত তাকে রিমান্ডে রাখার নির্দেশ দেওয়া হয়।

রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে দুর্নীতির পুরোনো অভিযোগগুলো সাম্প্রতিক সময়ে নতুন করে তদন্ত করছে প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েকের সরকার। পরিবারের একাধিক সদস্যও বিভিন্ন মামলায় আইনি জটিলতায় পড়েছেন। শিরান্থির গ্রেপ্তারের মধ্য দিয়ে সেই তদন্তে রাজাপাকসে পরিবারের ওপর আইনি চাপ আরও বাড়ল।